রায়ের আগে সরকারি গাড়ি ছাড়লেন ঋতব্রত, ডিভিশন বেঞ্চে আপাতত স্বস্তি হলেও পদ নিয়ে জারি আইনি টানাপোড়েন

রায়ের আগে সরকারি গাড়ি ছাড়লেন ঋতব্রত, ডিভিশন বেঞ্চে আপাতত স্বস্তি হলেও পদ নিয়ে জারি আইনি টানাপোড়েন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – এক দিনের জন্য বিরোধী দলনেতার জন্য বরাদ্দ সরকারি গাড়ি ছেড়ে ব্যক্তিগত গাড়িতে চড়লেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় বিধানসভা থেকে বেরনোর সময় তাঁর গাড়ির সামনে বিরোধী দলনেতার কোনও স্টিকার ছিল না, কেবল লেখা ছিল ‘এমএলএ’। কেন সরকারি গাড়ি ব্যবহার করলেন না, তার ব্যাখ্যাও দিয়েছেন ঋতব্রত। বিরোধী দলনেতা পদে তাঁর থাকা নিয়ে আইনি টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার ডিভিশন বেঞ্চে মামলার রায় ঘোষণার কথা ছিল। সেই কারণে রায় কী হবে তা নিয়ে সংশয়ে থাকায় নৈতিকভাবে সরকারি গাড়ি ব্যবহার করা ঠিক হবে না বলে মনে করেছিলেন তিনি। ঋতব্রত জানিয়েছেন, ওই দিন তিনি ভাড়ার গাড়ি নিয়ে বিধানসভায় এসেছিলেন এবং পরের দিন থেকে আবার সরকারি গাড়ি ব্যবহার করবেন। মঙ্গলবার বিধানসভা থেকে বেরনোর সময় গাড়ির সামনের আসনে ছিলেন ঋতব্রত, আর পিছনের আসনে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। এদিকে বিরোধী দলনেতা পদে ঋতব্রতর থাকা নিয়ে ডিভিশন বেঞ্চের রায়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে এসেছে। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ সরাসরি স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করলেও স্পষ্ট জানিয়েছে, আপাতত বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর থাকা সম্পূর্ণ ‘অস্থায়ী’। আগামী দু’মাসের মধ্যে সিঙ্গল বেঞ্চকে মামলার নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে আগামী দু’মাস পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার পদে থাকবেন কি না, তার আইনি ফয়সালা হবে সিঙ্গল বেঞ্চেই। ডিভিশন বেঞ্চের রায়ে ‘অস্থায়ী’ শব্দটি সামনে আসতেই পাল্টা আক্রমণে নেমেছে কালীঘাট শিবির। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন, লজ্জা থাকলে ঋতব্রতর ইস্তফা দেওয়া উচিত। তাঁর দাবি, বিরোধী দলনেতার পদটিকেও ‘অস্থায়ী’ করে ছেড়েছে আদালত। এমনকি স্পিকারের কাছে ঋতব্রতর নেমপ্লেটে ‘অস্থায়ী’ শব্দ বসানোর দাবিও তুলেছেন কুণাল। ফলে সরকারি গাড়ি ছাড়ার ঘটনা থেকে শুরু করে আদালতের রায় এবং রাজনৈতিক চাপানউতোর—সব মিলিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা পদ ঘিরে জটিলতা আপাতত অব্যাহত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top