বিনোদন – জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। তার আগে অন্তঃসত্ত্বা হওয়ার এই বিশেষ সময় চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। বুধবার বেলুড়ের শ্বশুরবাড়িতে ঘটা করে আয়োজন করা হয় সোহিনীর সাধভক্ষণ অনুষ্ঠানের। এদিন সিঁথিতে চওড়া লাল সিঁদুর, কপালে চন্দনের কলকা এবং দু’হাতে কলকা দিয়ে শাড়ির সঙ্গে মানানসই সোনার গয়নায় সেজেছিলেন হবু মা। গলায় ছিল রজনীগন্ধার মালা। অন্তঃসত্ত্বা অবস্থায় তাঁর সাজ ও রূপের ছটা নজর কেড়েছে সকলের। পঞ্চব্যঞ্জন সাজিয়ে আয়োজন করা হয় এলাহি সাধের। স্বামী শোভনের হাত থেকে পায়েস ও মিষ্টি খান অভিনেত্রী। পরিবারের সকলে হবু মা এবং তাঁর অনাগত সন্তানকে প্রাণভরে আশীর্বাদ করেন। বিশেষ দিনে সোহিনীর কথায়, “আজ বিশেষ কিছু বলতে নেই। আজ শুধু আদরযত্ন পাওয়ার দিন।” ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে সাতপাকে বাঁধা পড়েছিলেন সোহিনী সরকার ও শোভন। এরপর চলতি বছরের জুন মাস থেকেই তাঁদের পরিবারে নতুন সদস্য আসার খবর নিয়ে জল্পনা শুরু হয়। প্রথমদিকে সোহিনী বা শোভন কেউই বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলে তাঁদের ঘরে নতুন অতিথি আসার খবর ছড়িয়ে পড়েছিল। তারকাদম্পতির ঘনিষ্ঠ মহলের অনেকেই সুখবরটি জানলেও সোহিনী-শোভন নিজেরা ঘোষণা না করা পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আনেননি। অবশেষে ১৫ জুলাই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে মা-বাবা হওয়ার সুখবর দেন তাঁরা। সেই ছবিতেই সোহিনীর স্ফীতোদর স্পষ্ট হয়ে ওঠে। এবার বেলুড়ের শ্বশুরবাড়িতে ঘটা করে সাধভক্ষণ অনুষ্ঠানের মাধ্যমে মাতৃত্বের নতুন অধ্যায়ের আরও এক বিশেষ মুহূর্ত উদযাপন করলেন অভিনেত্রী।




















