কলকাতা: বদলির কারণে কর্মস্থল পরিবর্তন হলে সরকারি কর্মীদের দেওয়া বদলি অনুদান এবং মালপত্র গোছানোর ভাতা একত্র করে নতুন অনুদান চালু করল রাজ্য সরকার। ২০২৬ সালের ১ জুন বা তার পরে জনস্বার্থে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়া সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন।
নতুন ব্যবস্থায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা অথবা সংশ্লিষ্ট কর্মীর মূল বেতনের ৮০ শতাংশ—এই দুটির মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। নতুন পদে যে মাসে কর্মী যোগ দেবেন, সেই মাসে প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতেই অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে।
এই সুবিধার আওতায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও নির্দিষ্ট শর্তে অনুদান পেতে পারেন। শেষ কর্মস্থল থেকে অবসর নেওয়ার পর যে জায়গায় স্থায়ীভাবে বসবাস করবেন, সেই স্থানটির দূরত্ব শেষ কর্মস্থল থেকে ৩০ কিলোমিটার বা তার বেশি হলে নির্দিষ্ট সুবিধা মিলবে।
এ ক্ষেত্রে যাতায়াতের এককালীন ভাড়ার পাশাপাশি সম্পূর্ণ এককালীন বদলি অনুদান এবং মালপত্র গোছানোর অনুদান পাওয়ার সুযোগ থাকবে।




















