কলকাতা: ইস্টবেঙ্গল-মোহনবাগান নিয়ে বাঙালির আবেগের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই চেনা ফুটবল আবেগই এবার উঠে এল জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়।
শনিবার নবান্ন সভাঘর থেকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলকাতা ময়দানের বড় ক্লাবগুলিকে নিয়ে বৈঠকের প্রসঙ্গ উঠতেই হাসতে হাসতে মুখ্যমন্ত্রী বলেন, “আমার বাড়িতে দু’রকমই রয়েছে। আমি মোহনবাগান, আমার মা ইস্টবেঙ্গল।”
ময়দানের বড় ক্লাবগুলিকে নিয়ে শীঘ্রই বৈঠক করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। বাংলার ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালী করতে পরিকাঠামো উন্নয়ন, আর্থিক সহায়তা এবং সঠিক ব্যবস্থাপনার উপর সরকার জোর দেবে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলায় প্রতিভার কোনও অভাব নেই। কিন্তু পরিকাঠামো, সহযোগিতা, উৎসাহ এবং সঠিক ব্যবস্থাপনার ঘাটতির কারণে গত কয়েক বছরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন খেলায় বাংলার প্রতিনিধিত্ব কমেছে। খেলোয়াড়দের মেধা, একাগ্রতা ও নিষ্ঠা থাকলেও তাঁদের প্রতিভাকে আরও বড় মঞ্চে তুলে ধরতে সরকারি স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি বলে জানান তিনি।
এই পরিস্থিতিতে বাংলার ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো ও ব্যবস্থাপনার উন্নতির পাশাপাশি ময়দানের বড় ক্লাবগুলির সঙ্গেও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে এগোতে চাইছে রাজ্য সরকার।




















