কলকাতা – নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুরুতে কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই ভোটার তালিকা নিয়ে বড়সড় আন্দোলনের পথে হাঁটতে চলেছে সিপিএম-সহ বামপন্থী দলগুলি। যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাওয়ের ডাক দিতে চলেছে বামেরা। তবে এখনও কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত হয়নি। নিজেদের মধ্যে আলোচনার পরেই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের সময় নাম বাদ পড়া প্রায় ২৯ লক্ষ মানুষের ভাগ্য বর্তমানে ট্রাইব্যুনালে ঝুলছে। ইতিমধ্যেই প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। বাম দলগুলির অভিযোগ, সম্পূর্ণ যান্ত্রিক ও অপরিকল্পিতভাবে বহু সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।
এই ‘জনবিরোধী’ পদক্ষেপের বিরুদ্ধে এবার সরাসরি জবাবদিহি চাইতে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট। যোগ্য নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা এবং বাদ পড়া নামগুলি দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে লাল শিবির। এবার কলকাতা ও হাওড়া পুরভোটেও নিজেদের রাজনৈতিক লড়াই জোরদার করতে চাইছে বামেরা। সেই লক্ষ্যেই ভোটার তালিকা ইস্যুকে সামনে রেখে এই আন্দোলনকে আরও বড় আকার দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।




















