রাজ্য – কয়েক দিন আগেই তারাপীঠে আগুনের ঘটনা সামনে এসেছিল। তার কিছু দিনের মধ্যেই নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর আজ সকালে ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনের বাইরের ফুড প্লাজায় হঠাৎ বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। সেখানে একাধিক খাবারের দোকান থাকায় এবং প্রচুর পরিমাণে রান্নার তেল ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
এই পরিস্থিতির মধ্যেই কলকাতার ফুটপাথের নিরাপত্তা নিয়ে ফের সরব হলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাথে দুধ গরম করার ঘটনা নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তপ্ত। ফুটপাথ দখলমুক্ত করার অভিযান নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। এবার তারাপীঠ, নিউমার্কেট এবং শিয়ালদহের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে শহরের ঘিঞ্জি ফুটপাথ ও রাস্তার ধারে অগ্নিসুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
অগ্নিমিত্রার বক্তব্যে ক্ষোভ স্পষ্ট। তিনি বলেন, “ফুটপাথে আগুন এই যে লাগছে, আমি কেন চিৎকার করছি বারবার? রাস্তার পাশে তোলা উনুন, ট্রান্সফরমারের পাশে গ্যাস জ্বালিয়ে লুচি ভাজা হচ্ছে! সে দিন ফ্রি স্কুল স্ট্রিটে আমাকে তো তুলোধনা করলেন আপনারা, কারণ দুধ গরম করার ব্যাপারে বলেছিলাম! সেই একই ঘটনা ঘটছে, সেখান থেকেও আগুন লেগে যেতে পারে।”
নিজের এই অবস্থানের কারণও স্পষ্ট করে দেন মন্ত্রী। তাঁর কথায়, “আশপাশে চায়ের দোকান, লুচির দোকান, পানের দোকান—সব ত্রিপল লাগানো। একটা দেশলাই পড়বে আর দাউ দাউ করে সমস্ত মার্কেট পুড়ে যাবে।” তাঁর বক্তব্য, ফুটপাথ ও রাস্তার ধারে এভাবে আগুন জ্বালিয়ে রান্না করার ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে।




















