রাজ্য – নিম্নচাপের প্রভাবে আজ, বুধবারও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সতর্কতাও জারি রয়েছে।
দক্ষিণবঙ্গে আজ সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস।
নিম্নচাপের প্রভাবে কলকাতাতেও আজ বৃষ্টি চলবে। আকাশ মূলত মেঘলা থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। টানা বৃষ্টির জেরে কলকাতার নিচু এলাকা এবং রাস্তায় জল জমার আশঙ্কাও রয়েছে। ফলে আজও শহরের আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও আজ বৃষ্টির দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।




















