রাজ্য – আরজি কর কাণ্ডের তদন্তে আরও এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বেঙ্গালুরু থেকে পানিহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে খড়দহ থানার তদন্তকারী আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন। তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগের তদন্তে এই গ্রেফতারিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আরজি কর মামলায় নতুন করে খড়দহ থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিলোত্তমার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হওয়ার পর একে একে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসে। ইতিমধ্যেই এই মামলায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।
তদন্তকারীদের দাবি, সোমনাথ দে দীর্ঘদিন ধরেই পুলিশের নাগালের বাইরে ছিলেন। তাঁকে গ্রেফতার করতে গিয়ে বারবার জায়গা বদলের তথ্য পান তদন্তকারীরা। শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে তাঁর সন্ধান মেলে। এরপর বুধবার গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে খড়দহ থানার তদন্তকারী দল।
তরুণী চিকিৎসকের দেহ দ্রুত সৎকারের ঘটনায় কারা কী ভাবে যুক্ত ছিলেন এবং সেই সময় কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতেই সোমনাথ দে-কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। এই গ্রেফতারির পর আরজি কর কাণ্ডের তদন্তে আরও একাধিক তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।




















