কলকাতা – কলকাতায় উচ্ছেদ, বেআইনি নির্মাণ ভাঙা কিংবা কোনও বাড়ি-ভবন সিল করার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তার জন্য আগাম প্রস্তুতিতে জোর দিল লালবাজার। সম্ভাব্য গোলমাল এড়াতে পুরসভার সঙ্গে সমন্বয় রেখে কী ভাবে পুলিশি ব্যবস্থা করতে হবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। বুধবার জারি হওয়া ওই নির্দেশিকায় অভিযান শুরুর আগে থেকে কাজ শেষ হওয়া পর্যন্ত একাধিক বিষয়ে সতর্ক থাকার কথা বলা হয়েছে।
পুলিশ কমিশনারের নির্দেশ, কোনও এলাকায় জবরদখল উচ্ছেদ, বেআইনি নির্মাণ ভাঙা কিংবা কোনও নির্মাণ সিল করার প্রয়োজন হলে তা কোনও ভাবেই আচমকা করা যাবে না। বরং আগেভাগেই পুরো অভিযানের পরিকল্পনা তৈরি করতে হবে। প্রয়োজনীয় পুলিশ বাহিনী চিহ্নিত করার পাশাপাশি পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখেই এগোতে হবে গোটা প্রক্রিয়া। এর ফলে একদিকে যেমন অভিযান দ্রুত এবং সুশৃঙ্খল ভাবে শেষ করা সম্ভব হবে, অন্যদিকে তেমনই পুলিশকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করা যাবে।
এই ধরনের অভিযানের ক্ষেত্রে প্রাথমিক ভাবে ছ’টি গুরুত্বপূর্ণ বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি পৃথক একটি চেকলিস্টে অভিযানের আগে, অভিযান চলাকালীন এবং কাজ শেষ হওয়ার পর কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, তা-ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ উচ্ছেদ বা বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে হঠাৎ অভিযান নয়, বরং আগাম পরিকল্পনা, পুরসভার সঙ্গে সমন্বয় এবং পর্যাপ্ত পুলিশি প্রস্তুতিকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছে লালবাজার।




















