দেশ – হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর! এবার শুধু চ্যাট বা কল নয়, সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই মেটানো যাবে একাধিক ধরনের বিল। ভারতে নতুন Bill Payments ফিচার চালু করেছে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই পরিষেবার মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস, জল, FASTag, বিমা, ক্রেডিট কার্ড এবং লোনের মতো বিভিন্ন বিল সহজেই মেটানো যাবে। ফলে আলাদা আলাদা অ্যাপ খুলে বিভিন্ন পরিষেবার বিল দেওয়ার ঝামেলা অনেকটাই কমবে।
নতুন এই পরিষেবাটি Bharat Connect বা BBPS নেটওয়ার্কের মাধ্যমে কাজ করবে। এর আওতায় প্রায় ২২,৭২২টি বিল প্রদানকারী এবং মোট ৩০টি বিল পেমেন্ট ক্যাটেগরি রয়েছে বলে জানানো হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও জলের বিলের পাশাপাশি FASTag রিচার্জ, বিমার প্রিমিয়াম, ক্রেডিট কার্ডের বিল এবং লোনের কিস্তিও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই দেওয়া যাবে। এছাড়াও সমর্থিত অন্যান্য বিল পেমেন্ট পরিষেবাও ব্যবহার করা যাবে।
Bill Payments ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনের উপরে থাকা ₹ (রুপি) আইকনে ট্যাপ করতে হবে। এরপর Bill Payments অপশন বেছে নিয়ে প্রয়োজনীয় বিলের ক্যাটেগরি নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী বেছে নেওয়ার পর অ্যাকাউন্ট বা কনজিউমার নম্বর দিতে হবে। এরপর বিলের তথ্য ও পরিমাণ যাচাই করে পছন্দের পেমেন্ট মেথড নির্বাচন করলেই পেমেন্ট সম্পূর্ণ করা যাবে।
পেমেন্টের জন্য UPI, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে। শুধু বিল মেটানো নয়, হোয়াটসঅ্যাপের মধ্যেই আগের পেমেন্টের তথ্য এবং আসন্ন বিল দেখার সুবিধাও থাকবে। একই বিল প্রদানকারীর অধীনে একাধিক অ্যাকাউন্ট থাকলে সেগুলিও ম্যানেজ করা যাবে। ভারতে ধাপে ধাপে এই পরিষেবা চালু করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে Android ও iOS ব্যবহারকারীদের কাছে ফিচারটি পৌঁছে যাবে। তাই আপনার হোয়াটসঅ্যাপে এখনও Bill Payments অপশন দেখা না গেলে কিছুদিন অপেক্ষা করার পাশাপাশি অ্যাপটি আপডেট করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিষেবা চালু হলে মেসেজিংয়ের পাশাপাশি দৈনন্দিন আর্থিক কাজের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের ব্যবহার আরও বাড়তে পারে বলে মনে করছে প্রযুক্তিমহল।




















