কলকাতা – চোখের চিকিৎসার জন্য অবশেষে বিদেশ পাড়ি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশযাত্রার অনুমতি চেয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পরে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত একাধিক শর্ত আরোপ করে অভিষেকের বিদেশযাত্রায় অনুমতি দেয়। এর মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় বিদেশযাত্রা নিয়ে জটিলতাও তৈরি হয়েছিল। পরে আদালতের হস্তক্ষেপে সেই বাধা কাটে। এরপর বৃহস্পতিবার বিদেশের উদ্দেশে রওনা দেন তৃণমূল সাংসদ।
জানা গিয়েছে, প্রায় তিন সপ্তাহের জন্য বিদেশে থাকবেন অভিষেক। বুধবার তিনি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার দিল্লি থেকে সরাসরি বিদেশের উদ্দেশে পাড়ি দেন। এর আগে কয়েকদিন আগে ২০টি ব্যাগ নিয়ে অভিষেক বিদেশে চলে গিয়েছেন বলে খবর ছড়িয়েছিল। তা নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে বিভিন্ন মহলে জোর চর্চা হয়। যদিও পরে জানা যায়, সেই সময় তিনি বিদেশে যাননি।
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এর আগে ২০ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের বিদেশে চিকিৎসা করানোর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, “আপনার চোখের চিকিৎসা কলকাতার হাসপাতালে করা হয়নি। আদালত আপনাকে তখনই যেতে দিতে পারে, যদি এখানে এই চিকিৎসা না করা যায়।” পাশাপাশি তিনি কখনও এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন কি না, সেই প্রশ্নও তুলেছিল আদালত। শেষ পর্যন্ত শীর্ষ আদালতের অনুমতির পর বিদেশে চিকিৎসার জন্য রওনা দিলেন অভিষেক।




















