রাজ্য – গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য মাত্র পাঁচ টাকায় খাবারের ব্যবস্থা করতেই চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’ (Maa Canteen)। কিন্তু সরকারি বরাদ্দের টাকা না আসায় এবার সেই ক্যান্টিনই বন্ধ হয়ে গেল দুর্গাপুরে। বুধবার থেকে ভিরিঙ্গী মোড় এবং দুর্গাপুর বাসস্ট্যান্ডের মা ক্যান্টিনে তালা ঝুলেছে। ফলে প্রতিদিন এই ক্যান্টিনে খাবার খেতে আসা বহু মানুষ সমস্যায় পড়েছেন।
ক্যান্টিন পরিচালকদের দাবি, মে থেকে আগস্ট পর্যন্ত টানা চার মাস কোনও সরকারি টাকা আসেনি। ফলে দোকানে বকেয়া জমে যাওয়ায় সবজি ও মুদিখানার ব্যবসায়ীরাও আর ধারে সামগ্রী দিতে চাইছেন না। শুধু খাবারের উপকরণই নয়, গ্যাস ও কাঠের জোগানও বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের বক্তব্য, একটি মা ক্যান্টিন চালাতেই প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার টাকা খরচ হয়। সরকারি বরাদ্দ না থাকায় সেই খরচ বহন করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
ভিরিঙ্গি মা ক্যান্টিনের পরিচালিকা মিতালি বাদ্যকর জানান, এপ্রিলের পর আর কোনও টাকা পাওয়া যায়নি। বিষয়টি পুরসভাকে জানানো হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। তাঁর দাবি, পুরসভার তরফে শুধু জানানো হয়েছে, ১০ তারিখের মধ্যে টাকা আসতে পারে। তবে তার মধ্যে চালের জোগান না এলে আগামী ১২ সেপ্টেম্বরের পর ক্যান্টিন পুরোপুরি বন্ধ করে দিতে হবে। সরকারি সহায়তা না মেলায় দুর্গাপুরে স্বল্পমূল্যের এই খাবারের পরিষেবা কতদিন বন্ধ থাকবে, তা নিয়েই এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা।




















