কলকাতা – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নাম পরিবর্তন করে ‘ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয়’ রাখার জোরালো দাবি তুললেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় (Sharbari Mukherjee)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত একটি সভা থেকে তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার নেপথ্যে ঋষি অরবিন্দ ও তাঁর ভাবধারার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই তাঁর আদর্শের প্রতি সম্মান জানাতেই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা উচিত বলে দাবি করেন তিনি। একইসঙ্গে তথাকথিত ‘রাষ্ট্রবিরোধী শক্তি’র বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান বিজেপি বিধায়ক।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) উদ্যোগে ‘তেরঙ্গা যাত্রা’, জাতীয় পতাকা উত্তোলন এবং ‘বন্দে মাতরম’ পরিবেশন-সহ একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় একাধিক মনীষীর ছবিও টাঙানো হয় সংগঠনের তরফে। এরপর ত্রিগুণা সেন অডিটোরিয়ামে ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’র উদ্যোগে বেদমন্ত্র পাঠ এবং জাতীয়তাবাদী সভার আয়োজন করা হয়।
সেই সভায় উপস্থিত ছিলেন রাহুল সিনহা, সুখেন্দুশেখর রায় এবং শর্বরী মুখোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। সভার মঞ্চ থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব সামনে আনেন বিজেপি বিধায়ক। তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।




















