জলপাইগুড়ি – রাত তখন সাড়ে দশটা। জলপাইগুড়ির সিপিআই(এম) জেলা কার্যালয়ে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বন্ধ কোলাপসিবল গেটের বাইরে থেকে কার্যালয়ের ভিতরে কাচ ও আগুনের গোলা ছোড়া হয় বলে অভিযোগ। সেই সময়ও কয়েকজন দলীয় কর্মী কার্যালয়ের ভিতরে ছিলেন। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম।
এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে মহম্মদ সেলিম অভিযোগ করেন, জলপাইগুড়ি সিপিআই(এম) জেলা দফতরে বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। তাঁর দাবি, রাত সাড়ে দশটা নাগাদ ‘চোরের মতো’ হামলা চালানো হয়। পোস্ট করা ভিডিওতে বন্ধ লোহার গেট ভাঙার চেষ্টা করতে দেখা যায় একদল ব্যক্তিকে।
ভিডিওতে আরও দেখা যায়, বাইরে থেকে কার্যালয়ের ভিতরে থাকা কর্মীদের লক্ষ্য করে লাঠি ও কাচ ছোড়া হচ্ছে। পাশাপাশি আগুনের গোলাও ছোড়া হয় বলে অভিযোগ। হামলার সময় বাইরে রাস্তায় সাধারণ মানুষের চলাচল এবং টোটো চলাচলও দেখা যায়।
ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হামলাকারীদের কয়েকজনকে শাসানি দিতেও শোনা যায় বলে দাবি করা হয়েছে। ঘটনার পিছনে কারা ছিল এবং কী কারণে এই হামলার অভিযোগ উঠল, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।




















