বিনোদন – ২০১৪ সালে ‘হিরোপন্তি’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন টাইগার শ্রফ। সুঠাম চেহারা ও অ্যাকশন দক্ষতায় শুরুতেই নজর কাড়লেও পরবর্তী সময়ে বক্স অফিসে সেভাবে সাফল্য ধরে রাখতে পারেননি তিনি। ‘বাগি’ ফ্র্যাঞ্চাইজির মুখ হয়েও একের পর এক ছবির ব্যর্থতায় তাঁর কেরিয়ার নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এরই মধ্যে গুটখার বিজ্ঞাপন ঘিরে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা। এমন পরিস্থিতিতেই এবার কালীঘাটের মায়ের মন্দিরে দেখা গেল জ্যাকি শ্রফ-পুত্রকে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন টাইগার। সেই সফরের মাঝেই কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। মন্দিরের গর্ভগৃহে পুজো দেওয়ার সেই মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। নীল টি-শার্ট ও কালো মাস্ক পরে মন্দিরে পৌঁছেছিলেন অভিনেতা। পুজোর সময় অবশ্য মাস্ক খুলে পুরোহিতের নির্দেশ মেনে মাকে ফুলও অর্পণ করেন তিনি।
কালীঘাটে টাইগারের এই ভক্তিভরে পুজো দেওয়ার ছবি ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। অভিনেতার সাম্প্রতিক কেরিয়ারের ওঠানামার প্রসঙ্গ টেনে নেটিজেনদের একাংশের প্রশ্ন, তাহলে কি নতুন কোনও ছবির সাফল্যের আশায় মায়ের কাছে মানত করতেই কালীঘাটে এসেছিলেন টাইগার?
তবে অভিনেতা নিজে কালীঘাটে পুজো দেওয়ার কারণ সম্পর্কে প্রকাশ্যে কিছু জানাননি। বিজ্ঞাপনী কাজের সূত্রে কলকাতায় এসে তাঁর এই ঝটিকা মন্দির সফর আপাতত নেটপাড়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।




















