কলকাতা: শনিবার সন্ধ্যায় যাদবপুরের বিজয়গড়, গাঙ্গুলিবাগান ও বাঘাযতীন এলাকায় একের পর এক হামলা ও ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বাইকে চেপে একদল যুবক বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে তাণ্ডব চালায়। সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের বিজয়গড়ের বাড়ি ও কার্যালয়ের সামনে। তাঁর কার্যালয়ে ভাঙচুরের পর বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে।
অভিযোগ, হামলাকারীরা বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়। পাশাপাশি দেবব্রত মজুমদারকে হুমকি দেওয়ার পাশাপাশি তাঁর দাদাকে ধাক্কা এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশ্রাব্য ভাষায় দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে প্রাক্তন বিধায়কের পরিবার। তাঁদের অভিযোগ, বারবার পুলিশকে ফোন করে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছতে প্রায় এক ঘণ্টা সময় লাগে।
দেবব্রত মজুমদারের দাবি, প্রায় ১০০ জনের একটি দল তাঁর বাড়িতে এসে ভাঙচুর ও গালিগালাজ করে। তাঁর অভিযোগ, হামলাকারীদের অনেকেই বিজেপির সঙ্গে যুক্ত। যদিও এই ঘটনায় কারা সরাসরি জড়িত, তা নিয়ে এখনও তদন্ত চলছে এবং পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি।
এর পর বাঘাযতীন ও যাদবপুরের আরও কয়েকটি এলাকায় রাজনৈতিক কার্যালয় ও দলীয় সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগ সামনে আসে। একাধিক সিপিএম কার্যালয়েও ভাঙচুর এবং দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গোটা ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক শিবির।



















