নিউ ইয়র্ক:
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির পক্ষে ফের জোরালো সমর্থন জানাল রাশিয়া। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তবে তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল, নতুন করে পশ্চিমী দেশগুলিকে স্থায়ী সদস্যপদ দেওয়ার বদলে ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলির প্রতিনিধিত্ব বাড়ানো উচিত।
লাভরভের মতে, নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্বমূলক করে তুলতে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলির ভূমিকা বাড়ানো প্রয়োজন। সেই অবস্থান থেকেই ভারত ও ব্রাজিলের স্থায়ী সদস্যপদের দাবিকে সমর্থন করছে মস্কো। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের সদস্যসংখ্যা যেন নিয়ন্ত্রিত সীমার মধ্যে থাকে, সেই মতও জানিয়েছে রাশিয়া।
অন্যদিকে, জার্মানি ও জাপানের স্থায়ী সদস্যপদের সম্ভাবনা নিয়ে সরাসরি আপত্তি জানিয়েছেন রুশ বিদেশমন্ত্রী। লাভরভের বক্তব্য, নিরাপত্তা পরিষদ সংস্কারের নামে পশ্চিমী দেশগুলির জন্য অতিরিক্ত আসন তৈরি করা উচিত নয়। বিশেষ করে জার্মানি ও জাপানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেছে মস্কো।
রাশিয়ার এই অবস্থান এমন সময়ে সামনে এল, যখন ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান—চার দেশের G4 গোষ্ঠীও নিরাপত্তা পরিষদের দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে G4 বিদেশমন্ত্রীদের বৈঠকে স্থায়ী ও অস্থায়ী—দুই ধরনের সদস্যপদ বাড়ানোর পক্ষে অবস্থান জানানো হয়। ফলে নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে বিভিন্ন দেশের পরস্পরবিরোধী প্রস্তাবের মধ্যে ভারতের স্থায়ী সদস্যপদের প্রশ্নটি ফের আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে এসেছে।



















