‘নোটবন্দির পর এবার ভোটবন্দি!’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ, ২-৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলন; ৬ অক্টোবর কমিশন দফতরে বিরোধী সাংসদদের পদযাত্রা

‘নোটবন্দির পর এবার ভোটবন্দি!’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ, ২-৮ অক্টোবর দেশজুড়ে আন্দোলন; ৬ অক্টোবর কমিশন দফতরে বিরোধী সাংসদদের পদযাত্রা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি

নির্বাচন কমিশনের কাজকর্ম এবং ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্কের মধ্যেই এবার দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল INDIA জোট। বুধবার দিল্লিতে বিরোধী দলগুলির গুরুত্বপূর্ণ বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানান, আগামী ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ‘Save Democracy March’ এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। জেলা ম্যাজিস্ট্রেটের দফতরের সামনে এই কর্মসূচিতে INDIA জোটের দলগুলির পাশাপাশি যুব সমাজ ও নাগরিক সংগঠনগুলিকেও যুক্ত করার কথা জানানো হয়েছে।

এরপর আগামী ৬ অক্টোবর দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের দিকে পদযাত্রা করবেন বিরোধী সাংসদরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ এবং বিশেষ করে ভোটার তালিকার Special Intensive Revision বা SIR-কে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ককে সামনে রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান খাড়্গে। একইসঙ্গে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগ ও দাবিদাওয়া জানানোর পরিকল্পনাও রয়েছে।

বিরোধী জোটের দাবি, ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে আরও স্বচ্ছতা প্রয়োজন। INDIA জোটের বৈঠকে পুরনো ভোটার তালিকা ব্যবহারের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আগে নোটিস ও আপিলের সুযোগ এবং নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের মতো একাধিক দাবিও আলোচনায় এসেছে। SIR সংক্রান্ত মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের কাছেও আবেদন জানানোর কথা জানিয়েছেন খাড়্গে।

শুধু জেলা ও দিল্লিকেন্দ্রিক কর্মসূচি নয়, আগামী অক্টোবর ও নভেম্বর মাসে দেশজুড়ে একাধিক বড় সমাবেশ করার পরিকল্পনাও ঘোষণা করেছে বিরোধী জোট। খাড়্গে জানিয়েছেন, মোট পাঁচটি বড় র‍্যালি করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আগামী ১ নভেম্বর রাজধানী দিল্লিতে একটি বড় সমাবেশ করে ‘ভোট চুরি’ নিয়ে নিজেদের অভিযোগ ও তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার কথা রয়েছে।

এই কর্মসূচি ঘোষণা করতে গিয়ে খাড়্গে ‘নোটবন্দি’র প্রসঙ্গ টেনে ‘ভোটবন্দি’ শব্দটি ব্যবহার করেন এবং অভিযোগ করেন, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে এগুলি INDIA জোটের রাজনৈতিক অভিযোগ; নির্বাচন কমিশন এর আগে SIR-কে ঘিরে বিভিন্ন আপত্তির প্রসঙ্গে জানিয়েছে, কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য বা পর্যবেক্ষণ থাকা কোনও অস্বাভাবিক বিষয় নয় এবং তাদের নির্দেশগুলি আইনি ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই নেওয়া হয়েছে।

বুধবারের বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, NCP (SP), শিবসেনা (UBT), RJD, CPI(M), CPI-সহ একাধিক বিরোধী দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর খাড়্গে জানান, নির্বাচন কমিশন এবং ভোটার তালিকা সংক্রান্ত ইস্যুতে বিরোধীরা সমন্বিতভাবে আন্দোলন চালিয়ে যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top