পুজোর মুখে নিউ মার্কেট-ধর্মতলায় পুরসভার হানা, মিলল দু’-তিন দিনের বাসি খাবার

পুজোর মুখে নিউ মার্কেট-ধর্মতলায় পুরসভার হানা, মিলল দু’-তিন দিনের বাসি খাবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা

পুজোর মুখে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ফের অ্যাকশন মোডে কলকাতা পুরসভার ফুড সেফটি বিভাগ। শুক্রবার নিউ মার্কেট ও ধর্মতলা চত্বরে একাধিক খাবারের দোকান এবং রেস্তরাঁয় আচমকা অভিযান চালান পুরসভার স্বাস্থ্যদপ্তরের অধীন খাদ্য নিরাপত্তা আধিকারিকরা। পরিদর্শনের সময় কয়েকটি দোকানে দু’-তিন দিনের বাসি খাবারের সন্ধান মেলে। সেগুলি তাৎক্ষণিকভাবে ফেলে দেওয়া হয়। পাশাপাশি, বিভিন্ন দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পুরসভার ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

উৎসবের মরশুমে শহরের বাসিন্দা ও দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে এই বিশেষ অভিযান শুরু করেছে পুরসভা। খাবারের গুণমান যাচাই, বাসি ও নষ্ট খাবার বিক্রি বন্ধ করা এবং খাদ্যে ভেজাল রুখতেই এই তৎপরতা। পুরসভার খাদ্য নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, মহালয়া থেকে শুরু করে পুজোর দিনগুলিতেও শহরের বিভিন্ন দোকান ও রেস্তরাঁয় লাগাতার নজরদারি চলবে।

আচমকা অভিযানে নিউ মার্কেট ও ধর্মতলা এলাকার ফুটপাতের খাবারের দোকান থেকে শুরু করে রেস্তরাঁগুলির কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। পরিদর্শনের সময় কয়েকটি জায়গায় বাসি খাবার পাওয়া যাওয়ায় তা সরিয়ে ফেলতে হয়। অভিযোগ, কিছু নামী রেস্তরাঁও চিকেন ও মাছের তৈরি বাসি খাবার সরিয়ে নেয়। তবে সংগৃহীত নমুনার পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই খাবারের গুণমান সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

পুরসভার এই অভিযানের মূল লক্ষ্য, উৎসবের আনন্দে যাতে খাবার খেয়ে কেউ অসুস্থ না হন, তা নিশ্চিত করা। পুজোর সময়ে শহরের রাস্তাঘাটে খাবারের দোকান ও রেস্তরাঁয় ভিড় বাড়ে। সেই সুযোগে যাতে নিম্নমানের বা নষ্ট খাবার বিক্রি না হয়, তা নিশ্চিত করতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে। পুরসভার তরফে স্পষ্ট, খাদ্য নিরাপত্তার নিয়ম লঙ্ঘনের অভিযোগ মিললে সংশ্লিষ্ট দোকান ও রেস্তরাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top