কলকাতা: এসআইআর-এর বিরুদ্ধে মঙ্গলবার মিছিল করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিলের রুট ঘোষণা করা হয়েছে। মিছিলের আগের দিন, সোমবার, সেই রুট নির্বাচন নিয়ে মমতাকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্য, মিছিলের জন্য খুব ভালো জায়গা বেছে নেওয়া হয়েছে। এর জবাব নবরাত্রি পালনকারীরাই দেবেন বলে দাবি করেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, “খুব ভালো জায়গা পছন্দ করেছেন। যারা নবরাত্রি পালন করছেন, তাঁরাই এর উত্তর দিয়ে দেবেন।” তবে মিছিলের নির্ধারিত রুট নিয়ে তাঁর আপত্তির নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেননি মুখ্যমন্ত্রী।
শুধু মিছিলের রুট নিয়েই নয়, আগামী পুরসভা নির্বাচনেও এই বিষয়ের প্রভাব পড়তে পারে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ফলে এসআইআর-বিরোধী মিছিলকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
অন্যদিকে, মিছিলের জন্য এখনও পর্যন্ত পুলিশের অনুমতি মেলেনি বলে জানা গিয়েছে। ফলে নির্ধারিত রুটে মঙ্গলবার মিছিল করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পুলিশের চূড়ান্ত সিদ্ধান্ত এবং তৃণমূলের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে।




















