চোরবাগান কাণ্ডে শমীক ভট্টাচার্যের নিরপেক্ষ তদন্তের দাবি, শোকপ্রকাশ শুভঙ্কর সরকারেরও

চোরবাগান কাণ্ডে শমীক ভট্টাচার্যের নিরপেক্ষ তদন্তের দাবি, শোকপ্রকাশ শুভঙ্কর সরকারেরও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: দুর্গাপুজোর সপ্তমীতে চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া বাংলা জুড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার। দুই নেতাই শোকপ্রকাশের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ সামনে আনার উপর গুরুত্ব দিয়েছেন।

এক্স হ্যান্ডেলে শমীক ভট্টাচার্য লেখেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এই কঠিন সময়ে সংবেদনশীলতা, ধৈর্য এবং সত্য উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ তদন্তই সর্বাগ্রে প্রয়োজন। তাঁর বক্তব্য, ঘটনাস্থলে উপস্থিত এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার ঘোষণা এবং কয়েকবার হুইসেল বাজানোর পর পরিস্থিতির সূত্রপাত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।

শমীক ভট্টাচার্য আরও লেখেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগাম মন্তব্য না করার যে অবস্থান উঠে এসেছে, তা দায়িত্বশীল মনোভাবের পরিচায়ক। তাঁর দাবি, পুজো কমিটির সদস্য ও নিরাপত্তা সংস্থার কর্মীদের আটক করে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি।

এই শোকের মুহূর্তে রাজনৈতিক চাপানউতোরের বদলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের আইন অনুযায়ী বিচারের আওতায় আনার উপর জোর দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর মতে, এই মুহূর্তে স্বচ্ছ তদন্ত, মানবিক সহায়তা এবং ন্যায়বিচারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, চোরবাগানের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। তিনি বলেন, কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর বক্তব্য, কলকাতা এবং শহরের দুর্গাপুজোর ইতিহাসে এমন মর্মান্তিক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মৃতের সংখ্যা বাড়ছে বলে খবর আসায় উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

শুভঙ্কর সরকার জানান, এই মুহূর্তে কংগ্রেস কোনও সংকীর্ণ রাজনীতি করতে চায় না। তাঁর দাবি, স্থানীয় ও আশপাশের এলাকার কংগ্রেস কর্মীরা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। অন্য এলাকা থেকেও কর্মীরা আহতদের সহায়তা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য তিনি দলের সমস্ত কর্মীকে অনুরোধ করেছেন।

তবে শোকপ্রকাশের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভঙ্কর সরকার। তাঁর বক্তব্য, এত বড় দুর্ঘটনা কীভাবে ঘটল এবং সেই সময় প্রশাসনের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন।

চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর রাজনৈতিক মহলে এখন একদিকে শোক ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা, অন্যদিকে ঘটনার প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি সামনে এসেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top