চোরবাগান-কাণ্ডের পর কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের, বৌবাজারের চার রাস্তায় ১৬৩ ধারা জারি

চোরবাগান-কাণ্ডের পর কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের, বৌবাজারের চার রাস্তায় ১৬৩ ধারা জারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল কলকাতা পুলিশ। বৌবাজার থানা এলাকার চারটি রাস্তায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। ফলে সপ্তমী, অষ্টমী ও নবমীতে ওই রাস্তাগুলিতে জমায়েতের ক্ষেত্রে একাধিক নিয়ম মেনে চলতে হবে।

কোন কোন রাস্তায় জারি ১৬৩ ধারা?

কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা রবিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে বৌবাজার থানা এলাকার যে চারটি রাস্তায় বিধিনিষেধ জারি করা হয়েছে, সেগুলি হল—

১. কলেজ স্ট্রিট হয়ে কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত।

২. সিআর অ্যাভিনিউ হয়ে কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত।

৩. কলুটোলা স্ট্রিট হয়ে কলেজ স্ট্রিট থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত।

৪. ইডেন হাসপাতাল রোড হয়ে কলেজ স্ট্রিট থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত।

কী কী বিধিনিষেধ থাকছে?

পুলিশের নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট রাস্তাগুলিতে একসঙ্গে পাঁচজনের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। কোনও বেআইনি জমায়েত করা যাবে না। পাশাপাশি, লাঠি বা এমন কোনও বস্তু সঙ্গে রাখা নিষিদ্ধ, যা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে কিংবা শান্তি বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করতে পারে।

চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর পুজোর ভিড় নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশাসনের উপর চাপ বেড়েছে। সেই পরিস্থিতিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পুজোর বাকি দিনগুলিতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নজরদারি ও বিধিনিষেধ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top