‘এটা রেফার নয়, ইচ্ছেপূরণ অনুযায়ী তাঁদের শিফট করা হয়েছে’, চোরবাগান কাণ্ডে বিতর্কের মুখে অবস্থান স্পষ্ট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জির

‘এটা রেফার নয়, ইচ্ছেপূরণ অনুযায়ী তাঁদের শিফট করা হয়েছে’, চোরবাগান কাণ্ডে বিতর্কের মুখে অবস্থান স্পষ্ট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় আহতদের সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা নিয়ে বিতর্কের আবহে মুখ খুললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখার্জি। আহতদের চিকিৎসা, হাসপাতালের শয্যা এবং রোগীদের স্থানান্তর নিয়ে ওঠা অভিযোগের জবাবে স্বাস্থ্য দপ্তরের তরফে দাবি করা হয়েছে, চিকিৎসার ক্ষেত্রে কোনও দায়িত্ব পালনে খামতি রাখা হয়নি। রোগীদের জোর করে অন্য হাসপাতালে পাঠানো হয়নি, বরং তাঁদের পরিবারের ইচ্ছেকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, আহতদের প্রথমে মেডিক্যাল কলেজে চিকিৎসা করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার পর পরিবারের পছন্দ অনুযায়ী বেসরকারি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। এই প্রক্রিয়াকে ‘রেফার’ বলা নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, “এটা রেফার নয়, ইচ্ছেপূরণ অনুযায়ী তাঁদের শিফট করা হয়েছে।”

স্বাস্থ্য দপ্তরের দাবি, সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার দিকে নজর দেওয়া হয়। তার পরেই স্থানান্তরের ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্ট রোগীদের পরিবারের তরফে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করা হয়েছিল বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই রোগীদের পরিবারের পছন্দকে গুরুত্ব দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে। সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাবে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আহতদের চিকিৎসা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে রোগীদের পরিবারের সিদ্ধান্তকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ও হাসপাতাল স্থানান্তর নিয়ে তৈরি হওয়া বিতর্কে স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top