কলকাতা: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেই ভিড় নিয়ন্ত্রণ ও পুজোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একাধিক পদক্ষেপ করল কলকাতা পুলিশ। ইতিমধ্যেই পুজোর দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে ন’জন আইপিএস আধিকারিককে। পুলিশ সূত্রে খবর, ভিড় নিয়ন্ত্রণে অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি গিরিশ পার্ক থানার অফিসার-ইন-চার্জ পদেও পরিবর্তন করা হয়েছে।
গিরিশ পার্ক থানার ওসি সুমিত কুমার ঘোষকে সরিয়ে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর হীরক দলপতিকে। যদিও সুমিত কুমার ঘোষকে সরিয়ে দেওয়ার কারণ সম্পর্কে পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দার দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর (আই-ক্যাডার) হীরক দলপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজের বর্তমান দায়িত্বের পাশাপাশি কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের অন্তর্গত গিরিশ পার্ক থানার ওসি-র দায়িত্বও সামলাবেন। পুলিশ সূত্রে খবর, রবিবার থেকেই তাঁকে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
চোরবাগানের দুর্ঘটনার পর পুজোর ভিড় সামলানো, নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতে একাধিক আইপিএস আধিকারিককে পুজোর দায়িত্বে ফিরিয়ে আনা এবং থানার ওসি পদে পরিবর্তন কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।




















