পশ্চিমবঙ্গ | আবহাওয়ার খবর
সপ্তমীর সন্ধ্যায় আচমকা বৃষ্টিতে কিছুটা চিন্তায় পড়েছিলেন পুজোপ্রেমীরা। অষ্টমীর অঞ্জলি থেকে নবমীর আড্ডা—পুজোর আনন্দে ফের বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল আশঙ্কা। তবে সেই আশঙ্কা কাটিয়ে অষ্টমীর পর মহানবমীতেও স্বস্তির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে রোদ ঝলমলে আবহাওয়ায় নিশ্চিন্তে ঠাকুর দেখার সুযোগ পাচ্ছেন রাজ্যবাসী।
উৎসবের মেজাজে মেতে উঠেছে গোটা বাংলা। মহানবমীতে সকাল থেকেই বিভিন্ন পুজোমণ্ডপে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ছে। সপ্তমীর বিকেলের বৃষ্টির পর অষ্টমী থেকেই আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তন ঘটে। নবমীর সকালেও সেই অনুকূল আবহাওয়া বজায় রয়েছে। আকাশে নেই সপ্তমীর মতো কালো মেঘের দাপট, বরং রোদ ঝলমলে পরিবেশে উৎসবের আনন্দ উপভোগ করছেন সাধারণ মানুষ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির আশঙ্কা না থাকায় ছাতা বা রেনকোট সঙ্গে রাখার বাড়তি চিন্তা ছাড়াই ঠাকুর দেখতে বেরতে পারবেন পুজোপ্রেমীরা। অষ্টমীর মতো নবমীতেও আবহাওয়া অনুকূলে থাকায় মণ্ডপে মণ্ডপে ভিড় আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
তবে আগামী কয়েক দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, তা জানতে আবহাওয়া দফতরের পরবর্তী পূর্বাভাসের দিকে নজর রাখা জরুরি। আপাতত নবমীর উৎসবের দিনে বৃষ্টির আশঙ্কা কম থাকায় স্বস্তিতে পুজো উদ্যোক্তা থেকে শুরু করে দর্শনার্থীরা।




















