নয়াদিল্লি: দেশে বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper) জনপ্রিয়তা ও চাহিদা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে চালু হল দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন। শনিবার দিল্লি-বারাণসী রুটে এই নতুন ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেনটি চালুর বিষয়ে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কোন কোন স্টেশনে থামবে নতুন বন্দে ভারত স্লিপার?
নতুন এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি দিল্লি থেকে বারাণসী পর্যন্ত যাতায়াত করবে। যাত্রাপথে গাজিয়াবাদ, আলিগড়, কানপুর এবং প্রয়াগরাজে স্টপেজ থাকবে।
বারাণসী ও প্রয়াগরাজে প্রতি বছর বহু মানুষ তীর্থযাত্রার উদ্দেশ্যে যান। পাশাপাশি দিল্লি ও উত্তরপ্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে কাজ বা অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন বহু যাত্রী। তাঁদের জন্য নতুন এই ট্রেন পরিষেবা বিশেষ সুবিধাজনক হতে পারে বলে মনে করা হচ্ছে।
বন্দে ভারত স্লিপারের এই নতুন পরিষেবা চালু হওয়ায় দিল্লি ও উত্তরপ্রদেশের মধ্যে রেল যোগাযোগ আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রীদের কাছে এই ট্রেন কতটা জনপ্রিয় হয়ে ওঠে, এখন সেটাই দেখার।




















