নয়াদিল্লি: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। নতুন নির্দেশিকায় নবম শ্রেণিতে কোন কোন বিষয় পড়তে হবে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা এবং পাশের নম্বর সংক্রান্ত নিয়মেও একাধিক পরিবর্তনের কথা জানানো হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে পরিবেশ শিক্ষা বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, বৃত্তিমূলক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বিষয়ভিত্তিক বোর্ড পরীক্ষা, অভ্যন্তরীণ মূল্যায়ন এবং পাশের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
তবে এই নতুন নিয়ম কার্যকর হবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে পাঠরত পড়ুয়াদের ক্ষেত্রে। অর্থাৎ, এই পড়ুয়ারা ২০২৭-২৮ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উঠলে নতুন নিয়ম অনুযায়ী পড়াশোনা ও পরীক্ষা দেবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা ইতিমধ্যেই দশম শ্রেণিতে পড়ছে, তাদের ক্ষেত্রে এই পরিবর্তন কার্যকর হবে না। তাদের জন্য আগের নিয়মই বহাল থাকবে।
নবম শ্রেণিতে কোন কোন বিষয় পড়তে হবে?
নতুন নিয়ম অনুযায়ী, নবম শ্রেণির পড়ুয়াদের মোট ন’টি নির্ধারিত বিষয় পড়তে হবে। সেগুলি হল—
১. তিনটি ভাষা।
২. গণিত।
৩. বিজ্ঞান।
৪. সমাজবিজ্ঞান।
৫. শিল্পশিক্ষা।
৬. শারীরিক শিক্ষা ও সুস্থতা।
৭. বৃত্তিমূলক শিক্ষা।
এর পাশাপাশি CBSE-র তালিকাভুক্ত ৫৭টি বিষয়ের মধ্যে থেকে যেকোনও একটি ঐচ্ছিক বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকবে পড়ুয়াদের। এই তালিকায় বিভিন্ন ভাষা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, হোম সায়েন্স, অঙ্কন, সংগীত এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ও রয়েছে। তবে ঐচ্ছিক ভাষা বেছে নিলে সেটি আগে নির্বাচিত তিনটি ভাষার থেকে আলাদা হতে হবে।
এছাড়া, এই ব্যাচের পাঠ্যক্রমে ইন্টারডিসিপ্লিনারি বিষয় হিসেবে ‘ইন্ডিভিজুয়ালস ইন সোসাইটি’ এবং ‘কম্পিউটেশনাল থিঙ্কিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ মডিউলগুলি রাখা হচ্ছে না। সব মিলিয়ে নতুন শিক্ষাবর্ষে নবম ও দশম শ্রেণির পাঠ্যক্রমে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে CBSE।




















