কালিম্পং: পানীয় জলের সঙ্কট মেটাতে উদ্যোগী হলেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা। বুধবার কালিম্পং পুরসভার জলসঙ্কট নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন কালিম্পংয়ের বিধায়ক ভারত ছেত্রী, জেলাশাসক, পুরসভার প্রশাসক-সহ জেলা ও পুরসভার বিভিন্ন আধিকারিক।
বৈঠক শেষে রাজু বিস্তা জানান, জলাধারের পলি অপসারণ, মেরামতি ও সংস্কারের কাজের জন্যই কালিম্পং পুরসভা এলাকায় পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছে। তবে বিকল্প জল সরবরাহের ব্যবস্থা না করেই সংশ্লিষ্ট দপ্তর কাজ শুরু করেছিল বলে অভিযোগ করেন তিনি।
সাংসদ জানান, আগামী ১৫ দিনের মধ্যে জলাধারের পলি অপসারণ, মেরামতি ও সংস্কারের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। সেই সময় পর্যন্ত প্রতিদিন ট্যাঙ্কারের মাধ্যমে কালিম্পং পুরসভা এলাকার বাসিন্দাদের পানীয় জল সরবরাহ করা হবে। পাশাপাশি আগামী ১৫ দিন ট্যাঙ্কারে জল সরবরাহের যাবতীয় খরচ নিজের বেতন থেকে বহন করবেন বলেও ঘোষণা করেছেন রাজু বিস্তা।
তবে শুধু সাময়িকভাবে জলসঙ্কট মোকাবিলাই নয়, আগামী ১০০ বছর যাতে কালিম্পংয়ের মানুষকে পানীয় জলের সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, ভবিষ্যতে জলসঙ্কট এড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে জল সরবরাহের পরিকাঠামো তৈরি করা হচ্ছে।
পাহাড়ে জল সরবরাহ, নিকাশি-সহ বিভিন্ন নাগরিক পরিষেবার সমস্যা নতুন নয় বলেও দাবি করেন সাংসদ। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সিপিএম ও তৃণমূল সরকারের অদক্ষতার কারণেই এই সমস্যাগুলি তৈরি হয়েছে। রাজু বিস্তার দাবি, বিজেপি পাহাড়কে পরিচ্ছন্ন, সবুজ ও স্থায়ী উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে।
কালিম্পংয়ের বাসিন্দাদের সহযোগিতা ও ধৈর্যের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সাংসদ আশ্বাস দেন, মানুষের সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি সেই সমস্যার সমাধানেও বিজেপি নীরবে কাজ করে চলেছে।




















