কলকাতা — কালীপুজোয় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো পরিষেবায় বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯টার আগেই শুরু হবে পরিষেবা। পাশাপাশি রাতেও চলবে অতিরিক্ত মেট্রো। ব্লু ও গ্রিন—দুই লাইনেই বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময়সীমা।
ব্লু লাইনে চলবে ১৫২টি মেট্রো
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী, নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। আগে এই পরিষেবা শুরু হত সকাল ৯টায়।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। এই রুটে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়, যা আগে রাত ১০টা ১৫ মিনিটে ছাড়ত। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রোও ছাড়বে সকাল ৮টায়।
অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায় এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৪০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।
গ্রিন লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে মেট্রোর সংখ্যা ১১১টি থেকে বাড়িয়ে ১২৩টি করা হচ্ছে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়।
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। এই দিকেও শেষ মেট্রো চলবে রাত ১১টা পর্যন্ত।
কালীপুজোর সময় যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতেই এই বাড়তি পরিষেবার ব্যবস্থা। ফলে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়ায় উপকৃত হবেন শহর ও শহরতলির বহু যাত্রী।




















