ফের বালি রাসবাড়ি ঘাটে ছটপুজোর অনুমতি হাইকোর্টের! টানা ৫০ বছরের ঐতিহ্য বজায় থাকায় স্বস্তিতে কয়েক হাজার পুণ্যার্থী

ফের বালি রাসবাড়ি ঘাটে ছটপুজোর অনুমতি হাইকোর্টের! টানা ৫০ বছরের ঐতিহ্য বজায় থাকায় স্বস্তিতে কয়েক হাজার পুণ্যার্থী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হাওড়া —

বালি রাসবাড়ি ঘাটে এবারও ছটপুজো আয়োজনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শিবকৃষ্ণ দাঁ দেবোত্তর ট্রাস্টের মালিকানাধীন এই ঘাটে গত কয়েক বছর ধরেই ছটপুজো পালন নিয়ে আপত্তি উঠছিল। ট্রাস্টের শরিকদের একাংশ ঘাটে পুজোর আয়োজনের বিরোধিতা করেন। তবে এবারও আদালতের রায়ে রাসবাড়ি ঘাটে ছটপুজো করার সুযোগ পেলেন কয়েক হাজার পুণ্যার্থী। ফলে স্বস্তি ফিরেছে স্থানীয় ছটব্রতীদের মধ্যে।

ট্রাস্টের সম্পত্তি নিয়ে আদালতে মামলা

ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, অভ্যন্তরীণ বিবাদের কারণে সম্পত্তি নিয়ে একটি দেওয়ানি মামলা চলছে। বর্তমানে সম্পূর্ণ সম্পত্তি আদালতের নিযুক্ত রিসিভারের অধীনে রয়েছে। এই পরিস্থিতিতে দেবোত্তর সম্পত্তির অন্তর্গত ঘাটে বহিরাগতদের প্রবেশ এবং ধর্মীয় আচার পালনের বিষয়ে আপত্তি জানান ট্রাস্টের শরিকদের একাংশ।

প্রায় ৫০ বছরের ঐতিহ্য বজায় রাখার দাবি

স্থানীয় অবাঙালি বাসিন্দাদের দাবি, প্রায় ৫০ বছর ধরে বালি রাসবাড়ি ঘাটে ছটপুজোর আচার-অনুষ্ঠান পালন করে আসছেন তাঁরা। কাছাকাছি আরও কয়েকটি ঘাটে ছটপুজোর ব্যবস্থা থাকলেও সেখানে অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই রাসবাড়ি ঘাটকে বেছে নেন।

গত কয়েক বছর ধরে অনুমতি নিয়ে টানাপোড়েন চলায় পুণ্যার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রশাসনের কাছে আবেদন জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা।

এবারও আদালতের অনুমতি মেলায় ছটপুজো আয়োজন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটল। রাসবাড়ি ঘাটে পুজো করার সুযোগ পাওয়ায় স্বস্তি পেয়েছেন কয়েক হাজার পুণ্যার্থী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top