অন্নপূর্ণার টাকা পাইয়ে দেওয়ার নামেও তোলাবাজি? বেআইনি অর্থ আদায় নিয়ে কড়া হুঁশিয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের

অন্নপূর্ণার টাকা পাইয়ে দেওয়ার নামেও তোলাবাজি? বেআইনি অর্থ আদায় নিয়ে কড়া হুঁশিয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিমবঙ্গ —

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। বিশেষ করে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায়ের মতো অভিযোগ থেকে মুক্তি চাইছেন বহু মানুষ। অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেউ যাতে সাধারণ মানুষের কাছ থেকে বেআইনিভাবে অর্থ আদায় করতে না পারে, তা নিশ্চিত করতে এবার কড়া বার্তা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে প্রকাশ্যেই সরব হয়েছেন তিনি।

‘কোনও নেতার নাম করে টাকা চাইলে সরাসরি জানান’

সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতির প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেন সুমনা সরকার। তাঁর বক্তব্য, বিধানসভা কেন্দ্রে কোনও নেতা কতটা প্রভাবশালী, তা বিচার করে ব্যবস্থা নেওয়া হবে না। দলের সঙ্গে যুক্ত থাকলেই কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। দুর্নীতির অভিযোগ সামনে এলে প্রয়োজনে নিজেই পথে নেমে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

শুধু সরকারি প্রকল্পের নামে টাকা আদায় নয়, ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছেন তিনি। প্রয়োজনে গ্রামে গ্রামে গিয়ে মাইকে প্রচার করার কথাও জানিয়েছেন সুমনা।

‘তোলাবাজি, দাদাগিরি, মস্তানি মেনে নেব না’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, “কেউ তোলাবাজি করবে, কেউ দাদাগিরি করবে, কেউ মস্তানি করবে, তা আমি মেনে নেব না। প্রয়োজনে আমি প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে যাব। মাইক নিয়ে বলে আসব যে কোনও নেতা, সে যেই হোক, যদি আমার নাম করে বা কোনওরকম পার্টির নাম করে যদি আপনাদের কাছে টাকা চায়, যদি বলে যে আপনার ঘরটা আমি করে দেব, আমাকে টাকা দিন বা আপনি জমি কিনেছেন আমাকে টাকা দিতে হবে, অন্নপূর্ণা পাইয়ে দেব টাকা দিতে হবে, আমাকে সরাসরি জানাবেন। যত বড় মাপের নেতা হোক না কেন। ব্যবসাদারদের বলবে তোলা দিতে হবে, তা আমি মানব না।”

প্রতিমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে অর্থ আদায় কিংবা ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগকে কোনওভাবেই বরদাস্ত করতে রাজি নন তিনি। নতুন সরকারের আমলে এই ধরনের অভিযোগ রুখতে তাঁর এই কড়া বার্তা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top