পশ্চিমবঙ্গ —
বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার কতটা প্রতিফলন ঘটছে, তা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে দলের অন্দরেই। বিশেষ করে তোলাবাজির অভিযোগ ঘিরে ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। বিরোধীদের আক্রমণের পাশাপাশি এবার দলীয় নেতাদের একাংশের প্রকাশ্য ক্ষোভও সামাল দিতে হচ্ছে বিজেপি নেতৃত্বকে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত-সহ একাধিক নেতা ও মন্ত্রী এই সমস্যা নিয়ে মুখ খোলায় বিতর্ক আরও বেড়েছে।
‘এটা বিজেপি চলছে, নাকি উন্নত তৃণমূল?’
রাজ্যে সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই তোলাবাজির অভিযোগ সামনে আসায় প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। তাঁর বক্তব্য, যে পরিবর্তনের প্রত্যাশায় মানুষ বিজেপিকে ক্ষমতায় এনেছেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে সেই প্রত্যাশার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।
দলের ভিতরে কিছু মানুষের আচরণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এটা আমাদের বিজেপি চলছে নাকি উন্নত তৃণমূল চলছে? তোলাবাজির কোনও শেষ সীমানা নেই।”
তোলাবাজির অভিযোগের পাশাপাশি সরকারের কাজকর্ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে, সরকার গঠনের পর খুব বেশি সময় এখনও পেরোয়নি। অথচ এর মধ্যেই এমন অভিযোগ সামনে আসা উদ্বেগজনক।
‘মানুষ সব লক্ষ্য করছে, শুধরে যান’
স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজের কথায়, “মাত্র ৬ মাস সরকারে এসেছে, ৮ মাস। চূড়ান্ত তোলাবাজি। শুধরে যান, মানুষ সব লক্ষ্য করছে। মানুষ অনেক অত্যাচারিত হয়ে, তবে আমাদেরকে নিয়ে এসেছে। সেই সুযোগের অসৎ ব্যবহার করাটা মহা অন্যায়, মহা অপরাধ।”
তাঁর এই বক্তব্যে স্পষ্ট, পরিবর্তনের প্রত্যাশা পূরণ না হওয়া এবং তোলাবাজির অভিযোগ নিয়ে দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিরোধীদের লাগাতার আক্রমণের পাশাপাশি এবার শাসকদলের অন্দর থেকেও এমন প্রশ্ন ওঠায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।



















