১৭ বছরের অপেক্ষার অবসানের পথে সিকিম, সম্পূর্ণ হল সেবক-রংপো রেল প্রকল্পের ১৪টি সুড়ঙ্গের খনন

১৭ বছরের অপেক্ষার অবসানের পথে সিকিম, সম্পূর্ণ হল সেবক-রংপো রেল প্রকল্পের ১৪টি সুড়ঙ্গের খনন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



সিকিম: দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর সিকিমকে দেশের রেল মানচিত্রে যুক্ত করার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। দুর্গম হিমালয়ের বুক চিরে তৈরি হচ্ছে সেবক-রংপো নতুন রেলপথ। গত ২৭ নভেম্বর প্রকল্পের দীর্ঘতম, ৫.৩ কিলোমিটার দীর্ঘ ১০ নম্বর সুড়ঙ্গের খননকাজ সম্পূর্ণ হয়েছে। এর ফলে প্রকল্পের অন্তর্গত মোট ১৪টি সুড়ঙ্গের খননপর্ব শেষ হল। ভারতীয় রেলের কাছে এটি একটি বড়সড় সাফল্য।

এই প্রকল্পের সূচনা হয়েছিল ২০০৮-০৯ সালের রেল বাজেটে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি সিকিমকে প্রথমবার দেশের রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার লক্ষ্যেই সেবক থেকে রংপো পর্যন্ত নতুন ব্রডগেজ রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।

২০০৯ সালের ৩০ অক্টোবর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পশ্চিমবঙ্গের সেবকে তৎকালীন রেলমন্ত্রী এবং সিকিমের রংপোতে তৎকালীন উপরাষ্ট্রপতি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটিকে জাতীয় প্রকল্পের মর্যাদাও দেওয়া হয়। প্রথমে ৫২.৭ কিলোমিটার রেলপথ নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে চূড়ান্ত রুটের দৈর্ঘ্য নির্ধারিত হয় ৪৪.৯৬ কিলোমিটার।

তবে কাজের পথ মোটেও সহজ ছিল না। পাহাড়ি ভূপ্রকৃতির প্রতিকূলতা, জমি অধিগ্রহণ, বন ও পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র এবং অত্যন্ত জটিল নির্মাণপ্রক্রিয়ার কারণে বারবার বাধার মুখে পড়ে প্রকল্পটি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর ধাপে ধাপে গতি পায় নির্মাণকাজ। ১৪টি সুড়ঙ্গের খনন সম্পূর্ণ হওয়ায় প্রকল্পটি এবার আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top