কলকাতা: বিধানসভায় বিরোধী দলের মর্যাদা কে পাবে, তা নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে জটিলতা আরও বাড়ল। এই পরিস্থিতিতে দুই পক্ষকেই ডেকে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দিতে পারে বিধানসভার অধ্যক্ষের সচিবালয়। শুক্রবারের রায়ে কলকাতা হাই কোর্ট জানিয়েছে, পরবর্তী পদক্ষেপ করতে হবে অধ্যক্ষ রথীন্দ্র বসুকেই। সূত্রের খবর, নতুন করে আইনি জটিলতা এড়াতেই দুই শিবিরকে ডেকে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে অধ্যক্ষের সচিবালয়।
আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। তার দু’দিন আগে পরপর সর্বদলীয় বৈঠক এবং বিজনেস অ্যাডভাইজরি (বিএ) কমিটির বৈঠক হওয়ার কথা। ফলে বিরোধী দলের মর্যাদা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিধানসভার সচিবালয়ের হাতে সময় থাকছে মাত্র দু’দিন। সেই কারণে ৩০ নভেম্বর সোমবার অথবা ১ ডিসেম্বর মঙ্গলবার—এই দু’টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে কালীঘাটের তৃণমূল শিবিরের দাবি, বিষয়টি এতটা সহজ নয়। ওই শিবিরের তরফে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে মনোনীত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই কোর্টের রায়ের কপি দেখিয়ে শোভনদেবের বক্তব্য, এখানে শক্তি পরীক্ষার কোনও জায়গা নেই। তাঁর দাবি, গত জুন মাসে তৃণমূলনেত্রীর নির্দেশে অধ্যক্ষকে যে চিঠি দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকেই ডেকে বিরোধী দলের মর্যাদা দেওয়ার কথা বলেছে হাই কোর্ট।
শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, আদালত অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তাঁর ভূমিকা পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করেছে। তাঁর কথায়, এটি বিধানসভা ও পরিষদীয় রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক ঘটনা।
পাশাপাশি, অধ্যক্ষ যদি শক্তি পরীক্ষার পথে হাঁটেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নিজেদের পক্ষে সর্বোচ্চ সমর্থন দেখাতেও সক্ষম হয়, তাহলেও আইনি লড়াইয়ের পথ খোলা থাকবে বলে মনে করিয়ে দিয়েছেন শোভনদেব। ফলে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধী দলের মর্যাদা নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




















