রেললাইনে উদ্ধার কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির দেহ, মৃত্যুর আগে চিঠি লিখে যাওয়ার দাবি মেয়ের

রেললাইনে উদ্ধার কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির দেহ, মৃত্যুর আগে চিঠি লিখে যাওয়ার দাবি মেয়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: কলকাতা পুলিশের প্রাক্তন এক পুলিশ কর্তার রহস্যমৃত্যু। বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হল ৭৩ বছর বয়সি প্রবীরকুমার চট্টোপাধ্যায়ের দেহ। তিনি কলকাতা পুলিশের ডিসি পদে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় রেললাইনের উপর দেহটি পড়ে থাকতে দেখেন রেলকর্মীরা। খবর দেওয়া হয় জিআরপিকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিয়ালদহগামী আপ লাইনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে প্রবীরকুমার চট্টোপাধ্যায়ের। তবে তাঁর মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মৃতের মেয়ের দাবি, বাড়ি থেকে বেরোনোর আগে একটি চিঠি লিখে গিয়েছিলেন তাঁর বাবা। সেই চিঠিতে উল্লেখ ছিল, বালিগঞ্জ জিআরপি অথবা শিয়ালদহ জিআরপি এলাকার মধ্যে তাঁর দেহ পাওয়া যেতে পারে। এই চিঠিকে ঘিরেই মৃত্যুর পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ যাদবপুর জিআরপির কাছে স্টেশন মাস্টারের তরফে একটি রেল মেমো আসে। তাতে জানানো হয়, বাঘাযতীন ও নিউ গড়িয়া স্টেশনের মাঝে ১০/১২ ও ১০/১৪ কিলোমিটার পোস্টের মধ্যে রেললাইনের উপর এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল পুলিশের আধিকারিকেরা।

প্রাথমিক তদন্তে মৃতের পরিচয় জানার চেষ্টা শুরু হয়। পরে জানা যায়, তিনি কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত ডিসি প্রবীরকুমার চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি বাঁশদ্রোণী থানার বিধানপল্লির ১৬৩ নম্বর বাড়িতে। কীভাবে তাঁর মৃত্যু হল এবং মৃত্যুর আগে লেখা চিঠির সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top