নদিয়া: নবদ্বীপে রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে নবদ্বীপ ও মায়াপুরের মধ্যে স্থায়ী সেতু নির্মাণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। সেতু নির্মাণের সম্ভাব্য স্থান এবং প্রাথমিক পরিকল্পনা খতিয়ে দেখতে রবিবার নবদ্বীপে যাচ্ছেন রাজ্যের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বরুণ কুমার রায় এবং পরিবহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা সরেজমিনে গোটা এলাকা পরিদর্শন করবেন। নবদ্বীপ ও মায়াপুরের মধ্যে যাতায়াত আরও সহজ করতেই এই স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, শুধু সেতু নির্মাণ নয়, এলাকার নদীভাঙন সমস্যা, জলপথ ও সড়কপথে যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়ন নিয়েও আলোচনা হতে পারে। আধিকারিকদের এই পরিদর্শনের মাধ্যমে প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে।
নবদ্বীপ-মায়াপুরের মধ্যে স্থায়ী সেতু তৈরি হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক ও পুণ্যার্থীদের যাতায়াতেও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। তবে প্রকল্পের চূড়ান্ত অবস্থান, নির্মাণ পরিকল্পনা এবং কাজ শুরুর সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।




















