ভারতীয় নৌবাহিনীর হাতে কলকাতায় তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘আশঙ্ক’, বাড়ল সামুদ্রিক নিরাপত্তা

ভারতীয় নৌবাহিনীর হাতে কলকাতায় তৈরি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘আশঙ্ক’, বাড়ল সামুদ্রিক নিরাপত্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)। দেশের নৌবাহিনীর হাতে আরও একটি অত্যাধুনিক অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজ তুলে দিল এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। জাহাজটির নাম ‘আশঙ্ক’। সমুদ্রের অগভীর জলেও শত্রুপক্ষের সাবমেরিনের গতিবিধি শনাক্ত করতে সক্ষম এই যুদ্ধজাহাজ। ফলে উপকূলবর্তী এলাকায় ভারতের নজরদারি এবং সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

‘আশঙ্ক’ হল অর্নালা শ্রেণির মোট আটটি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের (ASW-SWC) ষষ্ঠ যুদ্ধজাহাজ। জাহাজটির ইয়ার্ড নম্বর ৩০৩৬। এই যুদ্ধজাহাজ হস্তান্তরের মাধ্যমে এই শ্রেণির মোট ছ’টি জাহাজ ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হল। বাকি দু’টি যুদ্ধজাহাজের নির্মাণকাজ চলছে।

এই যুদ্ধজাহাজের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, এর প্রায় ৮৮ শতাংশ যন্ত্রাংশ ও প্রযুক্তি দেশীয়ভাবে তৈরি। ফলে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যেও ‘আশঙ্ক’ গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করা হচ্ছে।

অগভীর সমুদ্র এলাকায় শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও মোকাবিলার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর হবে এই যুদ্ধজাহাজ। বিশেষজ্ঞদের মতে, উপকূলীয় নিরাপত্তা এবং সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে কলকাতায় তৈরি এই অত্যাধুনিক জাহাজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top