
কানে একটা দুল, বা গলায় ছোট্ট একটা লকেট। এতেই যদি এড়ানো যেত অবাঞ্ছিত গর্ভধারণ? আংটিতে প্রাণভোমরার বাসার গল্প রূপকথা আমাদের জানিয়েছে, কিন্তু অবাঞ্চিত গর্ভধারণ প্রতিরোধ করার জন্য কানের দুল বা হাতঘড়ির গল্প কিন্তু কোনও রূপকথা নয়। শুনতে অবাক লাগলেও জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা ‘গর্ভনিরোধক গয়না’ তৈরি করেছেন যা একদিন না একদিন, গয়না পরা বা সাজগোজ করার মতোই সহজ করে তুলবে পরিবার পরিকল্পনাকে।
বিশ্ববিদ্যালয়ের এই গবেষণাটি সম্প্রতি জার্নাল অফ কন্ট্রোল রিলিজে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বিভিন্ন গয়না বা অলঙ্কারে, বা সাজগোজের নানা উপকরণে, যেমন কানের দুল, আংটি, ঘড়ি এবং অন্যান্য গয়নাতে গর্ভনিরোধক হরমোনের বিশেষ প্যাচ সংযুক্ত করেছেন। এই সমস্ত হরমোন চামড়ার মধ্যে দিয়ে শোষিত হয়ে রক্ত প্রবাহ মধ্যে মিশে যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। ফক্স নিউজ জানাচ্ছে যে, এখনও পর্যন্ত এই গয়না মানুষের শরীরে কীভাবে কাজ করবে তা জানতে মানুষের উপরে কোনও পরীক্ষা করা হয়নি, তবে বিজ্ঞানীরা ফলাফল জানতে শুয়োর এবং ইঁদুরের উপর এই গয়নার প্রভাব পরীক্ষা করেছেন।



















