
নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর,২৯ শে মে :প্রধানমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠানে আমন্ত্রন পেয়ে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গেলেন ইসলামপুরের দাড়িভিট কান্ডে নিহত দুই ছাত্রের পরিবার। দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহন অনুষ্ঠানে দাড়িভিট কান্ডে নিহত ছাত্রদের পরিবার আমন্ত্রন পাওয়ায় ওই ঘটনায় তাদের তোলা সিবিআই তদন্তের দাবি আরও জোড়ালো হবে বলে আশা পরিবারের সদস্যদের। গতকালই প্রধানমন্ত্রীর শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দিতে ইসলামপুর থেকে রওনা হয়ে গিয়েছেন দাড়িভিট কান্ডে গুলিবিদ্ধ হয়ে মৃত দুই ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের বাবা ও মা।
উল্লেখ্য, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট স্কুলে ছাত্র-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্কুলের দুই প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের। এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য। রাজ্য সরকার ঘটনার তদন্তের ভার সিআইডির হাতে দিলেও ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আন্দোলনে নামে মৃত ছাত্রদের পরিবার ও দাড়িভিট গ্রামের বাসিন্দারা। বিজেপি গ্রামবাসীদের এই আন্দোলন কে সমর্থন জানিয়ে তাঁদের পাশে দাঁড়ায়। বিগত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী দাড়িভিট কান্ডকে সামনে রেখে প্রচারে নেমেছিল। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাড়িভিট কান্ডের কেন্দ্রীয়ভাবে তদন্তের আশ্বাস দিয়ে গিয়েছিলেন। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। গোটা দেশে বিপুল জনাদেশ পেয়ে আগামী কেন্দ্রে সরকার গঠন করছে বিজেপি৷ দিল্লির রাষ্ট্রপতি ভবনে ৩০ মে সপ্তদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সেই শপথ গ্রহন অনুষ্ঠানে আমন্ত্রন পেয়েছেন ইসলামপুরের দাড়িভিট কান্ডে মৃত দুই ছাত্রের পরিবার। আর এতেই তাদের সন্তানদের হত্যার সুবিচারের আশায় বুক বাঁধছেন মৃত তাপস ও রাজেশের পরিবার



















