
ভোট বিপর্যয়ের পর কিছুতেই যেন কংগ্রেস সভাপতি পদে থাকতে চাইছেন না রাহুল গান্ধী। একবার প্রকাশ্যে আসছে সভাপতি পদেই থাকছেন রাহুল, পরক্ষণেই বদলে যাচ্ছে হাওয়া৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগ ঘিরে এখন নানান গল্প ঘোরাঘুরি করছে কংগ্রেস শিবিরে৷ দু’দিন আগেই জানা গিয়েছিল পদত্যাগ করছেন না রাহুল৷ ওয়ার্কিং কমিটির বৈঠকে তাঁর সিদ্ধান্ত বদলাতে পেরেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। এই তথ্য প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শীলা দীক্ষিতের বক্তব্য সামনে আসে৷ আবার, কংগ্রেস সূত্রে খবর, পদত্যাগ করতে অনড় রাহুল গান্ধী৷ কারণ তিনি চান লোকসভা নির্বাচনের যাবতীয় ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সরে যেতে৷ জানা গিয়েছে, রাহুল নাকি তাঁর জায়গায় কোনও দলিত নেতাকে দলীয় সভাপতির পদে বসাতে চাইছেন৷ পিছিয়ে পড়া শ্রেণী থেকে উঠে আসা কোনও নেতাই কংগ্রেসের এই বেহাল অবস্থা সামলাতে পারবে বলে মনে করছেন সোনিয়া পুত্র৷ তবে সেটা চাইছেন না দলের অন্যান্য নেতারা৷ শুধু দলীয় নেতারাই নন, কংগ্রেসের শরিক দল যেমন আরজেডির লালুপ্রসাদ যাদব, ডিএমকের এমকে স্ট্যালিন ও জেডিএসের এইচ ডি কুমারাস্বামী পর্যন্ত রাহুলকে পদত্যাগ করতে নিষেধ করছেন৷ তবে নিজের সিদ্ধান্ত থেকে সরতে চাইছেন না বর্তমান কংগ্রেস সভাপতি৷ এমনকি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর জায়গায় বোন প্রিয়াঙ্কাকেও কংগ্রেস সভাপতি করা যাবে না। দলের সভাপতি করা হবে গান্ধী পরিবারের বাইরের কাউকেই।



















