
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা :- ফের ডায়মন্ডহারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে হুগলি নদীর বাঁধে বড়সড় ফাটল ধরায় বন্ধ হয়ে গেল জাতীয় সড়কে যান চলাচল। ডায়মন্ডহারবার-বকখালি রুটে এর ফলে যাত্রী পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। উল্লেখ্য প্রায় বছরখানেক আগেই ওই একই জায়গায় নদীবাঁধে ব্যাপক ধস নামায় জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল প্রায় মাস তিনেক ধরে। রবিবার রাতে একই এলাকায় নতুন করে ধস নামায় উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ। যদিও ডায়মন্ডহারবার মহকুমা প্রশাসন জানিয়েছে, যা হয়েছে তা বিপজ্জনক কিছু নয়। জরুরিকালীন ভিত্তিতে মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। মেরামতির কাজের জন্যই জাতীয় সড়ক আপাতত বন্ধ রেখে বাইপাস দিয়ে গাড়ি চলাচল করানো হচ্ছে। জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকায় কলকাতা মুখী গাড়িগুলিকে অস্থায়ীভাবে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।



















