নিজস্ব সংবাদদাতা ১০ জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা: দিনে দুপুরে পুকুর ভরাট রুখে দিলেন বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। বেশ কয়েকদিন যাবৎ বারাসাত পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের গুস্তিয়া অঞ্চলের একটি বেসরকারি মার্ভেল কোম্পানির শোরুমের মালিক একটি পুকুর ভরাট করছিল ।
সেই খবর স্থানীয় মানুষ লিখিত ভাবে বারাসাত পুরসভাকে জানায়। বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগে পুরসভার মুখ্য প্রশাসক বারাসাত থানার পুলিশকে প্রশাসনিক স্তরে পুকুর ভরাট বন্ধ করতে এবং আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন করেন। সেইমতো বারাসাত থানার পুলিশ তৎপর হোন এবং বারবার পুলিশি অভিযানে পুকুর ভরাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরেও চুপিসারে পুকুর ভরাটের কাজ অল্প অল্প করে চলতে থাকে। রবিবার সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বারাসাত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়। তিনি পুকুর ভরাটে কর্মরত ঠিকা শ্রমিকদের ঘটনাস্থল থেকে পুলিশের হাতে তুলে দেন। মালিক অবশ্য পলাতক। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিনের এই পুকুরটিতে এর আগে মাছ চাষ ও স্থানীয়দের নানা কাজের জন্য ব্যবহৃত হত। কিন্তু বেশ কিছুদিন ধরে ওই মার্বেল কোম্পানির মালিক পুকুরটা কে ভরাট করার জন্য উঠেপড়ে লাগে। কখনো রাতের অন্ধকারে মাটি ফেলতে থাকে কখনো আবার দিনের আলোতেই। এ বিষয়ে স্থানীয় মানুষ বারাসাত পৌরসভা একটি লিখিত অভিযোগ জানান। তার পরিপ্রেক্ষিতেই রবিবার সকালেই পুরো প্রশাসক সংসদ পুকুর ভরাট প্রতিরোধ করেন। যতটুকু পুকুর ভরাট করে ফেলেছে আগামীকাল সোমবার থেকে পুরসভার কর্মীরাই সেই পুকুর আবার পুনরায় খনন করবেন এবং পূর্বের অবস্থানে ফিরিয়ে আনবেন এমনটাই জানান পৌর প্রশাসক।



















