আপাতত বন্ধ হকার উচ্ছেদ, নতুন নীতিতে কলকাতার ফুটপাত ব্যবহারে বড় সিদ্ধান্ত

আপাতত বন্ধ হকার উচ্ছেদ, নতুন নীতিতে কলকাতার ফুটপাত ব্যবহারে বড় সিদ্ধান্ত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – কলকাতায় আপাতত হকার উচ্ছেদ অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার কলকাতা পুরসভার টাউন ভেন্ডিং কমিটির সদস্য, কলকাতা পুলিশের আধিকারিক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে শহরের ফুটপাত ব্যবহারের নতুন নীতিও নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ও কমিশনার স্মিতা পান্ডে। শহরের হকার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হকার সংগ্রাম কমিটির সভাপতি শক্তিমান ঘোষ জানান, সিদ্ধান্ত অনুযায়ী ফুটপাতের এক-তৃতীয়াংশ অংশ হকারদের জন্য বরাদ্দ থাকবে এবং বাকি দুই-তৃতীয়াংশ পথচারীদের চলাচলের জন্য খোলা রাখতে হবে। এই নিয়ম সকল হকারকে মেনে চলতে হবে।

এছাড়া কলকাতা শহরে মোট ৫৮টি এলাকাকে ‘নন-হকার জোন’ বা হকারমুক্ত এলাকা হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে। স্কুল, কলেজ, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ব্যস্ত মোড়ের সামনে কোনও ধরনের হকার বসতে দেওয়া হবে না বলেও বৈঠকে জানানো হয়েছে।

পূর্ববর্তী সমীক্ষার ভিত্তিতে ৮,৭২৭ জন হকারকে ভেন্ডিং সার্টিফিকেট দেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্পূর্ণ হয়নি। তাই নতুন করে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই এই সমীক্ষার কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধি, টাউন ভেন্ডিং কমিটির সদস্য এবং কলকাতা পুলিশের আধিকারিকরা যৌথভাবে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। সেই পরিদর্শনের রিপোর্ট চেয়ারম্যান স্মিতা পান্ডের কাছে জমা দেওয়া হবে। ওই রিপোর্টের ভিত্তিতেই ভবিষ্যতে হকার সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top