রাজ্য – জমি ও বাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ এবং সহজ করতে রাজ্যে চালু হতে চলেছে ‘তৎকাল রেজিস্ট্রেশন’ ব্যবস্থা। নতুন এই পরিষেবা চালু হলে দীর্ঘক্ষণ রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করার প্রয়োজন হবে না। নির্দিষ্ট সময়ের স্লট বুক করে দ্রুত রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করা যাবে।
নতুন ব্যবস্থায় একটি নির্দিষ্ট অনলাইন লিঙ্কের মাধ্যমে আবেদন করে পছন্দের সময়ের স্লট বুক করা যাবে। আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যেই স্লট বরাদ্দ করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময়ে ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকল ব্যক্তি উপস্থিত থাকলেই প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করা যাবে। এর ফলে সময়ের অপচয় কমবে এবং দালালচক্রের ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।
এই পরিষেবার জন্য অতিরিক্ত কোনও ফি নেওয়া হবে না বলেই জানা গিয়েছে। অর্থাৎ, সাধারণ রেজিস্ট্রেশনের পাশাপাশি বিনামূল্যেই তৎকাল সুবিধা পাওয়া যাবে। বিশেষ করে জরুরি ভিত্তিতে অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রয়োজন হলে এই ব্যবস্থা কার্যকর হতে পারে।
যদিও এখনও পরিষেবা চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে আগামী দেড় মাসের মধ্যে গড়িয়া ও বিধাননগর এলাকায় পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে গোটা রাজ্যে এই ব্যবস্থা চালু করার লক্ষ্য নিয়েছে সরকার। দুর্গাপুজোর আগেই রাজ্যজুড়ে পরিষেবাটি চালু করার চেষ্টা চলছে।
তবে এই নতুন ব্যবস্থাকে ঘিরে কিছু প্রশ্নও উঠেছে। একাংশের মতে, আগে থেকেই যদি অধিকাংশ স্লট বুক হয়ে যায়, তাহলে জরুরি ভিত্তিতে রেজিস্ট্রেশন করতে চাওয়া আবেদনকারীদের অসুবিধা হতে পারে। সেই বিষয়টিও প্রশাসনের বিবেচনায় রয়েছে বলে জানা গিয়েছে।




















