রাজ্য – তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা মোট ৪৪০.৪২ কোটি টাকা ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক তছরুপের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।
ইডির এই পদক্ষেপের পরই বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। দলের দাবি, তাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থের হিসাব সম্পূর্ণ আইন মেনেই ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, দলের প্রাপ্ত সমস্ত অনুদানের তথ্য নিয়ম অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন এবং আয়কর দফতরের কাছেও জমা দেওয়া হয়েছে।
তৃণমূলের বক্তব্য, প্রতি বছর দলের আর্থিক লেনদেন এবং অনুদানের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ফলে এই তথ্য সম্পূর্ণ স্বচ্ছ এবং সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত। কোনও ধরনের আর্থিক তথ্য গোপন করার অভিযোগের ভিত্তি নেই বলেই দাবি করেছে দল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য সরকারের কাছেও আগে থেকেই রয়েছে। কারণ, এই বন্ডগুলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে ইস্যু করা হয়েছিল এবং পরবর্তীতে সেই সংক্রান্ত তথ্য সুপ্রিম কোর্টেও জমা পড়েছে। তাই এই বিষয়েও কোনও তথ্য গোপন করা হয়নি বলে দাবি তৃণমূলের।
দলের অভিযোগ, আইনি বা আর্থিক অনিয়মের ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যেই ইডি এই পদক্ষেপ নিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলিকে চাপে রাখতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে তৃণমূল।
বিবৃতির শেষে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক। রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে আইনকে নিরপেক্ষভাবে প্রয়োগ করা উচিত বলেও দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।




















