মুখ্যমন্ত্রীর ছবিকে অবমাননার অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার ১৭ বছরের ছাত্র, জুভেনাইল কোর্টে পাঠাল পুলিশ

মুখ্যমন্ত্রীর ছবিকে অবমাননার অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার ১৭ বছরের ছাত্র, জুভেনাইল কোর্টে পাঠাল পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


শিলিগুড়ি – শিলিগুড়ির একটি স্কুলে মুখ্যমন্ত্রীর ছবিকে অবমাননার অভিযোগে এক ১৭ বছরের ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, ক্লাসরুমের ভিতরে মুখ্যমন্ত্রীর ছবিতে প্রস্রাব ও থুতু ফেলার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর মাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে ওই ছাত্র। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয় এবং এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের একাদশ শ্রেণির পড়ুয়া। বুধবার স্কুল থেকে ফেরার পর ডাবগ্রাম মাঠে বন্ধুদের সঙ্গে থাকাকালীন স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়ে সে। উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেললে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে জনতার হাত থেকে ওই কিশোরকে উদ্ধার করে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হয়।

এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। অভিযুক্তের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে স্কুলের নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যবস্থাপনাও প্রশ্নের মুখে পড়েছে। বিদ্যালয়ে বর্তমানে কোনও পরিচালন সমিতি নেই এবং প্রশাসকের তত্ত্বাবধানে স্কুল পরিচালিত হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক অশোক নাথ জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, ঘটনাটি টিফিনের সময় ঘটেছে, যখন শিক্ষক-শিক্ষিকারা ক্লাসরুমে উপস্থিত ছিলেন না। পাশাপাশি, স্কুলে মোবাইল ফোন নিয়ে প্রবেশের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানিয়েছেন, অভিযুক্ত কিশোরকে জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top