দিল্লি – তফসিলি জাতি (এসসি) এবং তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ নীতি প্রযোজ্য নয় বলে সুপ্রিম কোর্টে স্পষ্ট অবস্থান জানাল কেন্দ্র সরকার। একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পরিবারের বার্ষিক আয় বৃদ্ধি পেলেই এসসি বা এসটি সম্প্রদায়ের কেউ সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হবেন না।
কেন্দ্রের বক্তব্য, ভারতের সংরক্ষণ ব্যবস্থা শুধুমাত্র আর্থিক অবস্থার ভিত্তিতে গড়ে ওঠেনি। বরং শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা, ঐতিহাসিক বঞ্চনা এবং জনজাতিগত পিছিয়ে পড়ার বাস্তবতার ভিত্তিতেই এসসি ও এসটি সম্প্রদায়ের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
বর্তমানে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হলে ‘ক্রিমি লেয়ার’-এর আওতায় এনে সংরক্ষণের সুবিধা দেওয়া হয় না। তবে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক সুপ্রিম কোর্টে জানিয়েছে, এই নীতি এসসি ও এসটি সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য করা উচিত নয়।
কেন্দ্রের দাবি, এসসি ও এসটি সংরক্ষণের উদ্দেশ্য মূলত ঐতিহাসিক ও সামাজিক বঞ্চনার প্রতিকার করা। তাই শুধুমাত্র আর্থিক অবস্থাকে ভিত্তি করে এই সংরক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনা সংবিধানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।




















