কলকাতা: শহরে অপরাধ নিয়ন্ত্রণে এবার আরও কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন থেকে শুরু করে সাইবার অপরাধ—কোন এলাকায় কোন ধরনের অপরাধ বেশি হচ্ছে, তা চিহ্নিত করে ‘হটস্পট’ তৈরির নির্দেশ দিলেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা।
সোমবার লালবাজারে শহরের প্রত্যেক থানা ও গোয়েন্দা দপ্তরের ওসি এবং পুলিশকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করেন পুলিশ কমিশনার। সেখানেই তিনি নির্দেশ দেন, প্রতিটি ধরনের অপরাধের ক্ষেত্রে পাঁচটি করে অপরাধপ্রবণ এলাকা দ্রুত চিহ্নিত করতে হবে।
শুধু এলাকা চিহ্নিত করলেই হবে না। ওই এলাকাগুলিতে কীভাবে অপরাধ কমানো যায়, তার একটি নির্দিষ্ট রূপরেখাও তৈরি করতে হবে। হটস্পটগুলি চিহ্নিত হওয়ার পর সেখানে থানা ও গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হবে।
সাইবার অপরাধ-সহ বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে তথ্য সংগ্রহ করে ডেটা ব্যাঙ্ক তৈরির উপরও জোর দিয়েছেন অজয় নন্দা। এর ফলে কোন এলাকায় কী ধরনের অপরাধের প্রবণতা রয়েছে, সেই তথ্য বিশ্লেষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি মাদক পাচার এবং সাইবার অপরাধ রুখতে বিভিন্ন এলাকায় নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশও দিয়েছেন পুলিশ কমিশনার। অপরাধপ্রবণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার মাধ্যমেও অপরাধ নিয়ন্ত্রণে জোর দিতে চাইছে কলকাতা পুলিশ।




















