গ্যাংটক: পুজোর ছুটিতে সিকিম ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তনের কথা জেনে রাখুন। মঙ্গলবার থেকেই হোটেল, রিসর্ট-সহ বিভিন্ন পর্যটন পরিষেবার জন্য অফলাইনে আবেদন বা নথিপত্র জমা দেওয়ার ব্যবস্থা বন্ধ করছে সিকিম সরকার। এবার থেকে পুরো প্রক্রিয়াই হবে অনলাইনে।
সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান চলাচল বিভাগ জানিয়েছে, প্রশাসনিক কাজ আরও সহজ করা এবং পর্যটকদের দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। মঙ্গলবার থেকে সমস্ত আবেদন ‘সিঙ্গেল সাইন-অন’ পোর্টালের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে।
নতুন নিয়মে হোটেল ও রিসর্ট, ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’, সার্ভিস অ্যাপার্টমেন্ট, হলিডে হোম, হোমস্টে এবং রেস্তরাঁ সংক্রান্ত আবেদন সশরীরে জমা দেওয়া যাবে না। কাগজের নথিপত্র সরাসরি আদান-প্রদানের ব্যবস্থাও বন্ধ করা হচ্ছে।
পাশাপাশি পেমেন্ট ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে। অনলাইন পরিষেবার ক্ষেত্রে এতদিনের ‘ব্যাঙ্ক রসিদ ব্যবস্থা’ বন্ধ করে অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করা হচ্ছে। পেমেন্টের জন্য সাউন্ড-বক্স-সহ QR কোড ব্যবহার করা হবে।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, পেমেন্টের ক্ষেত্রে একমাত্র প্রমাণ হিসেবে QR পেমেন্টের রসিদ গ্রহণ করা হবে। ফলে পুজোর মরসুমে সিকিমে হোটেল বা অন্যান্য পর্যটন পরিষেবা বুক করার আগে নতুন অনলাইন ব্যবস্থার সঙ্গে পর্যটকদের পরিচিত হয়ে নেওয়া জরুরি।
নতুন ব্যবস্থার ফলে একদিকে যেমন অফলাইনে ঘুরে ঘুরে নথিপত্র জমা দেওয়ার ঝক্কি কমবে, তেমনই পর্যটন পরিষেবার আবেদন ও পেমেন্ট প্রক্রিয়াও আরও স্বচ্ছ ও সহজ হবে বলে মনে করছে প্রশাসন।




















