কলকাতা – প্রায় ১৯ বছরের দীর্ঘ বিরতির পর সম্প্রতি কলকাতায় এসেছিলেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। গত ৩১ জুলাই শহরে পৌঁছনোর পর কয়েকদিন কাটিয়ে বুধবার সকালে কলকাতা ছাড়েন তিনি। শহর ছাড়ার ঠিক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জন্মভূমি বাংলাদেশে একদিন ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন লেখিকা।
দীর্ঘ নির্বাসিত জীবন কাটালেও মাতৃভূমির প্রতি তাঁর টান যে আজও অটুট, তা স্পষ্ট হয়েছে তাঁর বক্তব্যে। কলকাতা সফর শেষে বিদায়বেলায় তসলিমা বলেন, সুযোগ পেলে একদিন নিজের জন্মভূমি বাংলাদেশে ফিরতে চান। সেই ইচ্ছার কথাই অকপটে তুলে ধরেন তিনি।
গত ৩১ জুলাই কলকাতায় আসার আগে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তসলিমা লিখেছিলেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” প্রায় দুই দশক পর তাঁর এই সফর ঘিরে সাহিত্য ও সাংস্কৃতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।
কলকাতার প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়ে তসলিমা বলেন, এই শহরের সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক রয়েছে। আগামী কলকাতা বইমেলায় ফের আসার ইচ্ছার কথাও জানান তিনি। এমনকি অক্টোবর মাসেও আবার কলকাতায় আসতে পারেন বলেও ইঙ্গিত দেন।
কলকাতার মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় আপ্লুত লেখিকা বলেন, এবারের সফরে সাধারণ মানুষের কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, তা তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে। এই সফরের স্মৃতি তাঁর জীবনের অন্যতম মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তসলিমা।




















